কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাহাদুর মিয়াকে (৩৫) চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন। এর আগে শুক্রবার দুপুরে নগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার বাহাদুর মিয়া চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর বাদামতলা কাজীবাড়ি এলাকার বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।
এসআরবি-৭ জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট কাশিমপুর কেন্দ্রীয় হাই-সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যান মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বাহাদুর মিয়া। পরে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কোনাবাড়ী থানায় ওই বছরের ১৫ আগস্ট দায়ের করা একটি মামলায় তাকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়।
এসআরবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আকবরশাহ থানার ফয়েজ লেক এলাকায় শুক্রবার দুপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাহাদুর মিয়াকে জিএমপির কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: বাসস
এমএ//