১১ দলের আট দফা না মানলে আন্দোলন এক দফায় রূপ নেবে : ডা. শফিকুর রহমান
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঘোষিত আট দফা দাবি মেনে না নিলে চলমান রাজনৈতিক আন্দোলন এক দফার কর্মসূচিতে গড়াবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ঢাকা-রংপুর লংমার্চ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রচণ্ড তাপমাত্রার মধ্যেও বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রমাণ করে জনগণ তাদের দাবির বিষয়ে ঐক্যবদ্ধ। আট দফা দাবি বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি পূরণ না হলে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
বক্তব্যে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থান, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়নের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর অভিযোগ, গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম এগোয়নি। গণভোটের রায় কার্যকর না করে জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।
দেশের বিভিন্ন স্থানে দখলদারি, চাঁদাবাজি, লুটপাট ও সন্ত্রাসের অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, জনগণ যে পরিবর্তনের প্রত্যাশা করেছিল, বর্তমান পরিস্থিতিতে তার প্রতিফলন ঘটছে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের বিষয়েও তিনি সমালোচনা করেন।
সমাবেশে এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, গণভোটে দেশের ৭০ শতাংশ মানুষ তাদের মতামত জানিয়েছিল। জনগণের সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পাশাপাশি কর্মসংস্থান, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, দেশে বিদ্যুৎ, গ্যাস ও সারের সংকট দেখা দিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা পূরণে সরকার যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। সংসদে এবং রাজনৈতিকভাবে দাবি জানানোর পরও সমাধান না হওয়ায় রাজপথে কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ঢাকা থেকে রংপুর পর্যন্ত লংমার্চকে শান্তিপূর্ণ কর্মসূচি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, এতে বাধা দেওয়ার চেষ্টা করা হলে জনগণ তার প্রতিবাদ করবে।
এদিকে লংমার্চকে ঘিরে শনিবার সকাল থেকেই সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে হাটিকুমরুল এলাকায় আসতে শুরু করেন। সকাল সাড়ে ৮টার পর থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে তাদের অবস্থান নিতে দেখা যায়। দুপুরের আগেই সমাবেশস্থল ও আশপাশের এলাকা মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়।
প্রচণ্ড তাপদাহের মধ্যেও দীর্ঘ সময় ধরে মহাসড়কে অবস্থান করেন লংমার্চে অংশ নেওয়া মানুষজন। দুপুরের দিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চের বহর হাটিকুমরুলে পৌঁছালে সমাবেশস্থলে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন খেলাফত মজলিসের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদে বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সচিব সারজিস আলমসহ জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
আই/এ