নতুন নামে যাত্রা শুরু করেছে র্যাব
ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই নতুন নামে মাঠে নামল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব। প্রজ্ঞাপনের মাধ্যমে র্যাব বিলুপ্ত হওয়ার পর বাহিনীটির নতুন নাম দেওয়া হয়েছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামেই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ।
তিনি বলেন, এসআরবি নামে গেজেট প্রকাশের পর র্যাবের পরিবর্তে নতুন নামেই সব কার্যক্রম শুরু করা হয়েছে। এদিন আয়োজিত সংবাদ সম্মেলনের আমন্ত্রণপত্রেও বাহিনীটির নতুন পরিচয় ব্যবহার করা হয়। সেখানে র্যাবের পরিবর্তে লেখা হয়েছে ‘এসআরবি বাংলাদেশ’। তবে নতুন নামে যাত্রা শুরু হলেও বাহিনীর লোগোর নকশায় কোনো পরিবর্তন আনা হয়নি। বিভিন্ন ইউনিটের সংবাদ বিজ্ঞপ্তিতেও একই লোগো ব্যবহার করতে দেখা গেছে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিল জাতীয় সংসদে পাস হয়। মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারির মধ্য দিয়ে আইনটি কার্যকর হয়। এর পরদিনই নতুন নামে কার্যক্রম শুরু করল বাহিনীটি।
২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র্যাব গঠিত হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীটির ভূমিকা নিয়ে আলোচনা থাকলেও পরবর্তী সময়ে বিচারবহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। এসব অভিযোগের পর র্যাব বিলুপ্তির দাবিও বিভিন্ন সময়ে জোরালো হয়।
গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র্যাব এবং বাহিনীটির সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
এরপর জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কারবিষয়ক কমিটি।
এই ধারাবাহিকতায় র্যাবের কাঠামো ও কর্মপরিধিতে পরিবর্তন এনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে বাহিনীটিকে নতুন কাঠামোয় কার্যকর রাখল সরকার।
এসি//