বিশ্ববাজারে ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম
তেলের বাজারে যখন নিম্নমুখী প্রবণতা, তখন উল্টো পথে হাঁটছে স্বর্ণ। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সুদহার সিদ্ধান্ত সামনে রেখে বুধবার আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। বিনিয়োগকারীদের নজর এখন ফেডারেল রিজার্ভের পরবর্তী পদক্ষেপের দিকে। সুদহার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান বদলালে তার সরাসরি প্রভাব পড়তে পারে স্বর্ণের বাজারে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল ৯টা ১০ মিনিটে আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক স্বর্ণের দাম শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩২৮ দশমিক ৩৯ ডলারে উঠেছে। এর আগে সোমবার এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল স্বর্ণের দাম।
তবে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম চুক্তির দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৯ দশমিক ৫০ ডলারে নেমেছে।
বাজার বিশ্লেষক ফ্রাঙ্ক ওয়ালবাম বলেন, ফেডারেল রিজার্ভ সুদহার নিয়ে কঠোর অবস্থান নিলে স্বর্ণের দামে চাপ তৈরি হতে পারে। বিপরীতে, নরম অবস্থানের ইঙ্গিত পাওয়া গেলে সুদহার কমার প্রত্যাশা বাড়বে, যা স্বর্ণের দাম পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। পাশাপাশি তেলের বাজার ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছেন ব্যবসায়ীরা।
সাধারণত মূল্যস্ফীতির সময় সোনাকে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তবে সুদহার বাড়লে কোনো সুদ বা মুনাফা না দেওয়া স্বর্ণে বিনিয়োগের সুযোগ ব্যয়ও বেড়ে যায়। ফলে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার নীতি স্বর্ণের দামের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়ামক হিসেবে কাজ করে।
এদিকে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের মজুত অপ্রত্যাশিতভাবে বেড়ে যাওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। একই সময়ে সৌদি আরবের ইয়ানবু বন্দরে তেল তোলার কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহ নিয়ে তৈরি হওয়া ঝুঁকিও হিসাবের মধ্যে রাখছেন বিনিয়োগকারীরা।
সিএমই ফেডওয়াচের তথ্য অনুযায়ী, বুধবার পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের সুদহার অন্তত ২৫ ভিত্তি পয়েন্ট কমানোর সম্ভাবনা ৯২ দশমিক ৪ শতাংশ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। সুদহার সংক্রান্ত সিদ্ধান্ত ঘোষণার পর ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান কেভিন ওয়ার্শ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
স্বর্ণের বাজারে প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিও। সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক জোটের এক মুখপাত্র জানিয়েছেন, মক্কা নগরীর দক্ষিণে একটি হুথি ড্রোন সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। পবিত্র নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়। মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার পরিস্থিতির মধ্যেই এ ঘটনা ঘটল।
জার্মানির কোমার্জব্যাংক জানিয়েছে, এখন পর্যন্ত স্বর্ণের দামে আরও বড় পতন না হওয়াটা কিছুটা অপ্রত্যাশিত। প্রতিষ্ঠানটির মতে, দীর্ঘমেয়াদি সরকারি বন্ডের উচ্চ সুদ এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ঝুঁকি বাড়ার কারণে স্বর্ণের দাম কিছুটা স্থিতিশীল রয়েছে।
অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক রুপার দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ৬০ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৭৮৮ দশমিক ২৫ ডলার। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩০৯ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স
এসি//