রাজধানী

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার প্রায় এক ঘণ্টার ব্যবধানে সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেল বিস্ফোরণটি ঘটে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, কে বা কারা ককটেল ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে, তা যাচাই করা হচ্ছে। ঘটনার তদন্ত শেষে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত নেতার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়া নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও রয়েছেন মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকায়।

মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন