মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার রায় মঙ্গলবার
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির তিন নেতা এবং যুবলীগ ও ছাত্রলীগের চার শীর্ষ নেতার মামলার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর তিন সদস্যের বেঞ্চ রায়ের দিন নির্ধারণ করেন। এর আগে গত ১৮ আগস্ট উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হওয়ার পর মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মামলার অন্য আসামিরা হলেন—কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলার বিচারকাজে প্রসিকিউশনের পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দাবি করা হয়েছে। একই সঙ্গে অপরাধের মাধ্যমে অর্জিত বা অপরাধ সংঘটনে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশও চাওয়া হয়েছে।
যুক্তিতর্কে প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জুলাইয়ের গণআন্দোলন দমনের লক্ষ্যে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে উচ্চপর্যায়ের বৈঠক করে ছাত্র-জনতাকে হত্যার পরিকল্পনা ও নীলনকশা তৈরি করা হয়েছিল। ট্রাইব্যুনালে দাখিল করা বিভিন্ন অডিও ও ভিডিও ফুটেজে ওই পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে বলেও জানানো হয়।
প্রসিকিউশনের দাবি, আন্দোলনের সময় বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা সরাসরি বাস্তবায়ন করেন ওবায়দুল কাদের। এই নির্দেশের পরিপ্রেক্ষিতেই ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে নির্বিচারে গুলি চালানো হয় এবং এতে শত শত নিরপরাধ মানুষ নিহত হন বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।
এখন মঙ্গলবারের রায়ের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ একটি ধাপ শেষ হতে যাচ্ছে।
এসি//