প্রেমনির্ভর নাটক-সিনেমা নির্মাণ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
প্রেম ও অতিরিক্ত রোমান্টিক বিষয়বস্তুর নাটক-সিনেমার অবাধ নির্মাণ ও সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এক আইনজীবী। জনস্বার্থে করা ওই রিটে একই সঙ্গে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষা বিষয়ক নাটক-চলচ্চিত্র নির্মাণ ও সম্প্রচারে বাধ্যতামূলক নির্দেশনা জারির আবেদন জানানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে রিটটি করেন। এতে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে বলা হয়েছে, দেশের বর্তমান নাটক ও চলচ্চিত্রে প্রেম এবং অতিরিক্ত রোমান্টিক বিষয়বস্তুর আধিক্য দেখা যাচ্ছে। এসব বিষয়বস্তুর অবাধ প্রচার সমাজে গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে বলে দাবি করা হয়েছে।
আবেদনে আরও বলা হয়, মূলধারার নাটক ও চলচ্চিত্রে পরকীয়া, বিবাহবহির্ভূত সম্পর্ক, ব্যভিচার ও ধর্ষণের মতো বিষয়কে অনেক ক্ষেত্রে স্বাভাবিক ঘটনা হিসেবে তুলে ধরা হচ্ছে। এতে তরুণ ও শিক্ষার্থীরা পড়াশোনা থেকে বিচ্যুত হচ্ছে এবং সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে বলে দাবি করা হয়েছে।
এ ধরনের বিষয়বস্তু তরুণদের মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে এবং সমাজে নারীর প্রতি সহিংসতা ও অপরাধ বৃদ্ধিতেও ভূমিকা রাখছে বলে রিটে উল্লেখ করা হয়েছে।
রিট আবেদনে সংবিধানের ৩৯ অনুচ্ছেদে থাকা বাক ও ভাব প্রকাশের স্বাধীনতার বিষয়টিও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, শালীনতা ও নৈতিকতার স্বার্থে আইনের মাধ্যমে এই স্বাধীনতার ওপর যুক্তিসঙ্গত বাধানিষেধ আরোপ করা যায়। জননৈতিকতার জন্য ক্ষতিকর বিষয়বস্তু অবাধে প্রচার সংবিধানের এই সুরক্ষার আওতায় পড়তে পারে না বলেও দাবি করা হয়েছে।
এ ছাড়া ২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন এবং কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইনের সংশ্লিষ্ট ধারার উল্লেখ করে আবেদনে বলা হয়েছে, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী বিষয়বস্তু নিষিদ্ধ করার আইনগত বাধ্যবাধকতা রয়েছে।
রিটে প্রেমনির্ভর বিষয়বস্তু নিষিদ্ধ করার পাশাপাশি বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষা বিষয়ক নাটক ও চলচ্চিত্র নির্মাণ এবং সম্প্রচারে সংশ্লিষ্টদের জন্য বাধ্যতামূলক নির্দেশনা জারির আবেদন করা হয়েছে।
এসি//