বাব আল-মান্দাবের পেরিম দ্বীপে হুতিদের নিয়ন্ত্রণ
লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দাব প্রণালির প্রবেশমুখে অবস্থিত পেরিম দ্বীপে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা পৌঁছে গেছে বলে জানা গেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপটি প্রণালির মাঝখানে অবস্থান করায় এর নিয়ন্ত্রণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তবে পেরিমে পৌঁছানোর খবর এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি হুতিরা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, পেরিম দ্বীপ থেকে ইয়েমেনের সরকারি বাহিনী সরে গেছে। দ্বীপটির অবস্থান এমন যে এটি বাব আল-মান্দাব প্রণালিকে দুটি অংশে ভাগ করেছে। এ প্রণালি এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথের দক্ষিণ প্রবেশপথ।
এর আগের দিন বৃহস্পতিবার হুতিরা সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর কাছ থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা বন্দরনগরী দখল করেছে বলে সামরিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান।
হুতিদের দাবি, আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে তারা কোনো হুমকি তৈরি করছে না। তবে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলার হুমকি তারা পুনর্ব্যক্ত করেছে।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে উপসাগরীয় অঞ্চলের হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তেল রপ্তানির জন্য লোহিত সাগরের নৌপথের ওপর সৌদি আরবের নির্ভরতা বেড়েছে।
এমন পরিস্থিতিতে বাব আল-মান্দাব প্রণালি ও পেরিম দ্বীপের নিয়ন্ত্রণ হুতিদের হাতে যাওয়ার সম্ভাবনা আঞ্চলিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।
এমএ//