দেশজুড়ে

দায়ের কোপে বাবা নিহতের ঘটনায় ছেলে আটক

নেত্রকোনার মদনে ছেলের দায়ের কোপে আলাই মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মদন পৌর শহরের আশকিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাই মিয়া ওই এলাকার মৃত কুন্ডু মিয়ার ছেলে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত ইয়াসিন (২০) নিহতের ৮ ছেলে ও এক মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি দীর্ঘ ৩-৪ বছর ধরে মানসিক রোগে ভুগছেন। ভোরে আলাই মিয়া ফজরের নামাজ আদায় করে ঘরে এসে চা তৈরি করছিল। এর মধ্যে ছেলে ঘুম থেকে উঠলে দু'দিন ধরে ভাত না খাওয়ায় তাকে কলা খেতে বলেন আলাই মিয়া । এ নিয়ে বাবা ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে ছেলে উত্তেজিত হয়ে বটি দিয়ে তার বাবার ঘাড়ের পেছন দিক থেকে কোপ দেয়। পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘাতক ইয়াসিন কে আটক করে।

ওসি মো. সালাউদ্দীন করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্ত ইয়াসিনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন