ইতালিতে বাঁধনের ওপর হামলায় এনসিপির ক্ষোভ
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও শারীরিকভাবে হেনস্তার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই ঘটনায় তার সঙ্গে থাকা নারী ও শিশুকে আঘাত করার অভিযোগেও ক্ষোভ প্রকাশ করেছে দলটি।
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশের মাটিতেও রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। ভেনিসে একজন সাংস্কৃতিক কর্মী ও জুলাই যোদ্ধার ওপর হামলা তাদের ‘হিংস্র মানসিকতার’ বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন তারা।
এনসিপির দাবি, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেনিসে উপস্থিতির সময় তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজন এই হামলা চালান। দলটির অভিযোগ, হামলার সময় বাঁধনকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, বিদেশের মাটিতেও এ ধরনের হামলার ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক ‘রিকনসিলিয়েশন’ সম্ভব নয়। হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে দলটি বলেছে, যারা বিদেশে থেকেও জুলাই যোদ্ধাদের ওপর হামলা চালায়, তাদের বিচার হওয়া উচিত।
এনসিপির নেতারা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের ভিসা বাতিল করে বাংলাদেশে ফেরত এনে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।
একই সঙ্গে বিদেশে থাকা জুলাই যোদ্ধা, প্রবাসী কর্মী ও সাধারণ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে এনসিপি।
বিবৃতিতে সতর্ক করে দলটি বলেছে, ভেনিসের হামলায় জড়িতদের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় দেশে এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা না হলে সরকারকে এর জবাব দিতে হবে। পাশাপাশি দেশ ও বিদেশের বিভিন্ন মঞ্চে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানিয়েছে দলটি।
এমএ//