দেশজুড়ে

গোসলে নেমে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ আবু সিদ্দিক (৭০) নামে এক বৃদ্ধ পানিতে ডুবে মারা গেছেন। নিহত পিয়াস (৮) তার ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি (৬) তার মেয়ে সুমি আক্তারের সন্তান।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। বৃদ্ধ পানিতে নামার পর ডুব দেন। বেশ কিছুক্ষণ পরও তিনি পানির ওপর না ওঠায় নাতি পিয়াস ও নাতনি পপি তাকে খুঁজতে পানিতে নামে। একপর্যায়ে তারাও পানিতে ডুবে যায়। এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, পানিতে ডুব দেওয়ার পর আবু সিদ্দিক স্ট্রোকে আক্রান্ত হয়ে আর উঠতে পারেননি। তাকে বাঁচাতে গিয়ে দুই নাতি-নাতনিও পানিতে ডুবে মারা যায়।

ওসি ওয়াহিদ পারভেজ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন