আন্তর্জাতিক

দিল্লিতে বহুতল ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন শিক্ষার্থীসহ অনেকে

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে একটি বহুতল ভবন ধসে পড়েছে। ভবনটি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত অন্তত চারজনকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের সন্ধানে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। 

কর্মকর্তারা জানান, ভবনটি পেয়িং গেস্ট হিসেবে ব্যবহৃত হতো।

রোববার (০৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হঠাৎ ভবনটি ধসে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, দুর্ঘটনার সময় ভবনের ভেতরে প্রায় ৫০ জন শিক্ষার্থী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রোববার ছুটির দিন থাকায় অধিকাংশ শিক্ষার্থী তখন নিজেদের কক্ষেই ছিলেন।

ঘটনাস্থলে থাকা এক শিক্ষার্থী বার্তা সংস্থা এএনআইকে বলেন, ধ্বংসস্তূপের নিচ থেকে তিনি সাহায্যের জন্য মানুষের চিৎকার ও কান্নার শব্দ শুনতে পেয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে দুর্ঘটনাস্থলে মানুষের ভিড় দেখা গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন।

অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি কংক্রিটের একটি স্ল্যাবের নিচে আটকা পড়ে আছেন। তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে থাকা কয়েকজন ব্যক্তি মিলে স্ল্যাবটি সরানোর চেষ্টা করছেন।

উদ্ধার কার্যক্রম জোরদার করতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট মোতায়েন করা হয়েছে। ভারী কংক্রিটের স্ল্যাব ও লোহার বিম সরাতে আনা হয়েছে এক্সকাভেটর। দমকল কর্মীদের পাশাপাশি দুর্যোগ মোকাবিলা বাহিনীর বিশেষ দলও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

সত্য নিকেতন এলাকাটি দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছাকাছি হওয়ায় সেখানে বিপুলসংখ্যক শিক্ষার্থীর বসবাস রয়েছে। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিসের পাশাপাশি কয়েকটি ছাত্র সংগঠনের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে সহযোগিতা করছেন।

সূত্র: এনডিটিভি

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন