মাদক ব্যবসার অভিযোগে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে মিশরের টেলিভিশন উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। মাদক তৈরির উপকরণ বিদেশ থেকে আমদানি এবং সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের এই সাজা দেওয়া হয়েছে।
মিশরের রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরামের প্রতিবেদনে জানানো হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তরা একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সদস্য। বিদেশ থেকে মাদক তৈরির বিভিন্ন উপকরণ মিশরে আনার পাশাপাশি তাদের কাছ থেকে অবৈধ অস্ত্র ও গুলিও উদ্ধার করা হয়েছে।
৩৯ বছর বয়সী সারাহ খলিফা মিশরের পরিচিত টেলিভিশন মুখ। ‘মিশন ইমপসিবল’ নামে অপরাধবিষয়ক একটি টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তবে মামলায় আনা সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন তিনি।
সারাহ খলিফার দাবি, মাদকবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে মাদকের সামনে দাঁড় করিয়ে ছবি তুলেছেন। তিনি আদালতে জানিয়েছেন, এর আগে জীবনে কখনো মাদক দেখেননি।
আদালত সূত্রে জানা গেছে, মামলায় অভিযুক্তদের কাছ থেকে প্রায় ৭৫০ কেজি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। শুনানির সময় মোট ২০ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। এ ছাড়া অভিযুক্তদের কথোপকথনের রেকর্ড, ভিডিওসহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে।
প্রায় এক মাস আগে এই মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হলেও তা সম্প্রতি প্রকাশ্যে আসে। মিশরে মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে দেশটির প্রধান মুফতির ধর্মীয় মতামত নেওয়া আইনগতভাবে বাধ্যতামূলক। সেই মতামত পাওয়ার পর আদালতের দেওয়া সাজা প্রকাশ করা হয়েছে।
তবে আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের।
সূত্র: দ্য গার্ডিয়ান
এসি//