আন্তর্জাতিক

ইরানে জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণে ১১ জন নিহত

ইরানের পশ্চিমাঞ্চলে সড়ক দুর্ঘটনার পর একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (০৫ সেপ্টেম্বর) হামেদান-সানান্দাজ মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনার পর ট্যাংকারটিতে বিস্ফোরণ ঘটে।

স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্যাংকারটির কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

সানান্দাজ শহরের গভর্নর জানিয়েছেন, দুর্ঘটনার পর জ্বালানি ট্যাংকারটিতে আগুন ধরে যায়। পরে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন উদ্ধারকর্মীরা। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা হয়নি।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে হতাহতদের এ সংখ্যা পাওয়া গেছে। উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম পুরোপুরি শেষ হওয়ার পর নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইরানে জ্বালানি বহনকারী ট্যাংকার ও যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়। দুর্বল সড়ক অবকাঠামো, পুরোনো যানবাহন, অতিরিক্ত ভারী যান চলাচল এবং ট্রাফিক ব্যবস্থাপনার বিভিন্ন সীমাবদ্ধতার কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।

২০১৮ সালেও সানান্দাজের কাছে এমন একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যাত্রী ওঠানোর জন্য থেমে থাকা একটি বাসকে একটি জ্বালানি ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জন নিহত হন।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের তথ্য অনুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বিশ্বের গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দেশটির দুর্বল সড়ক অবকাঠামো ও ট্রাফিক ব্যবস্থাপনার ঘাটতিকে দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ২০১৭ সালের মে মাসে তেহরানভিত্তিক সংবাদপত্র ফাইন্যান্সিয়াল ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারান। একই সময়ে প্রায় আট লাখ মানুষ আহত হন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন