বিএসএফের গুলিতে আহত সেই ব্যক্তি হাসপাতাল থেকে উধাও
ফেনীর ছাগলনাইয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত মো. মোশাররফ (৪৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও হয়ে গেছেন। মোশাররফ ছাগলনাইয়া উপজেলার জয়নগরের পচা মিয়ার বাড়ির বাসিন্দা। গত শুক্রবার বিকেল ৪টার দিকে ছাগলনাইয়া থানার পূর্ব জয়নগর সীমান্ত এলাকার নিজ জমিতে চাষাবাদের সময় তিনি গুলিবিদ্ধ হন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে তাকে আর হাসপাতালে দেখা যায়নি। চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় হাসপাতালে ভর্তির পর থেকে ক্যাজুয়ালটি বিভাগের ৫ নম্বর শয্যায় চিকিৎসা চলছিল তার। দুপুরের পর থেকে তার শয্যাটি ফাঁকা পড়ে আছে। সেখানে পড়ে ছিল দুটি এক্স-রে ফিল্ম ও কিছু ওষুধের প্যাকেট। চিকিৎসক ও নার্সরা দুপুর পর্যন্ত তাকে চিকিৎসা দেন। তারা ভেবেছিলেন, তিনি হয়তো কোনো দরকারে বাইরে গেছেন, আবারও ফিরে আসবেন। তবে কয়েক ঘণ্টা পরও আজ বিকেল পর্যন্ত তিনি আর ফিরে আসেননি।
তার পাশের শয্যার রোগী ও স্বজনরা জানান, আজ সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্য, গণমাধ্যমকর্মীসহ অনেকেই তার সঙ্গে কথা বলতে আসেন। তবে দুপুরের পর থেকে মোশাররফকে আর শয্যায় দেখা যায়নি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, কৃষিজমিতে কাজ করার সময় হঠাৎ বিএসএফের ছোড়া গুলি এসে পিঠের বাঁ পাশে বিদ্ধ হয় মোশাররফের। চিকিৎসকেরা তার শরীর থেকে গুলির অংশ বের করেছেন। তবে শরীরের ভেতরে আরও অনেক গুলির অংশ রয়েছে। শনিবার দুপুরের পর থেকে তাকে শয্যায় না পাওয়ার খবর শুনে আমরাও প্রথমে বিশ্বাস করিনি। কাউকে না বলে এভাবে চলে যাওয়ার পেছনের কারণ কী, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
আই/এ