নেপালে ধ্বংসস্তূপে চাপা পড়া বাড়ি থেকে ১০ দিন পর এক নারীকে জীবিত উদ্ধার
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধ্বসের জেরে চাপা পড়া চার তলা একটি বাড়ি থেকে ১০ দিন পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নুয়াকোটের বেত্রবতীতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা বাড়ির ওপরের তলা থেকে ওই ৬০ বছর বয়সী বৃদ্ধাকে উদ্ধার করা হয়। নেপালের সংবাদমাধ্যম কাঠমুন্ডু পস্ট এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নুয়াকোটের বেত্রবতীতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া চারতলা বাড়ির ওপরের তলা থেকে ১০ দিন আটকে থাকার পর এক ৬০ বছর বয়সী নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ফোর্স।
বাহিনীটির তথ্যমতে, শনিবার বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত আনন্দ শ্রেষ্ঠার মালিকানাধীন বাড়িটি থেকে চণ্ডিকা শ্রেষ্ঠাকে (৬০) অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বর্তমানে তার জ্ঞান ফিরেছে।
ইন্সপেক্টর সুমন কুমার বিকে-র নেতৃত্বে আর্মড পুলিশ ফোর্সের নয় সদস্যের একটি দল এই উদ্ধারকাজ পরিচালনা করে।
উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে শ্রেষ্ঠাকে ত্রিশুলিতে অবস্থিত নেপালি সেনাবাহিনীর মৈথিলি ব্যারাকে নিয়ে যাওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুতে নিয়ে আসা হবে।
আই/এ