প্রবাস

সৌদি প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের জরুরি বার্তা

সৌদি আরবে ই-পাসপোর্টের আবেদনের চাপ বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিপুলসংখ্যক প্রবাসীর আবেদন একসঙ্গে প্রক্রিয়াকরণের কারণে পাসপোর্ট হাতে পেতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তথ্য যাচাই ও পরবর্তী প্রক্রিয়া শেষ করতে বাড়তি সময় প্রয়োজন হওয়ায় প্রবাসীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দূতাবাসের যাচাইকৃত ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

দূতাবাস জানিয়েছে, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ই-পাসপোর্টের চাহিদা সাম্প্রতিক সময়ে ব্যাপক বেড়েছে। আগে প্রতি মাসে গড়ে ১১ হাজার পাসপোর্টের জন্য নিবন্ধন সম্পন্ন হলেও দূতাবাসের উদ্যোগে গত দেড় মাসে ৬৫ হাজারের বেশি পাসপোর্টের বায়োমেট্রিক তথ্য নেওয়া হয়েছে।

এর মধ্যে ১৫ হাজার ৪৩৪টি পাসপোর্ট ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। আরও ২৫ হাজার ৪৬৭টি পাসপোর্ট বর্তমানে মুদ্রণের পর্যায়ে রয়েছে। আর আঙুলের ছাপ নেওয়ার পরবর্তী প্রক্রিয়া চলছে ২১ হাজার ৬৭৮টি পাসপোর্টের।

এদিকে দাম্মাম অঞ্চলে নয় দিনব্যাপী বিশেষ শিবিরে ১৫ হাজার ২০০টি পাসপোর্ট আবেদনের আঙুলের ছাপ নেওয়ার কার্যক্রম চলছে।

দূতাবাস আরও জানিয়েছে, আঙুলের ছাপ গ্রহণের পর পাসপোর্ট তৈরির আগে আবেদনকারীদের বিভিন্ন তথ্য যাচাই করতে হচ্ছে। অনেক আবেদনে তথ্যগত ভুল, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে অসংগতি এবং একাধিক পাসপোর্টসংক্রান্ত জটিলতা পাওয়া যাচ্ছে।

এসব ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য যাচাই ও প্রক্রিয়াকরণ শেষ করতে অতিরিক্ত সময় লাগছে। ফলে কিছু প্রবাসীর পাসপোর্ট নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতিতে প্রবাসীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে ই-পাসপোর্ট সেবা আরও দ্রুত ও সহজ করতে দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন