প্রকাশ্যে পিটিয়ে হত্যা,আসামি গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ
গাজীপুরের কালিয়াকৈরে আজিবর রহমান নামের এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার এক মাসের বেশি সময়ের পরেও কেউ গ্রেপ্তার হয়নি। এক মাস পেরিয়ে গেলেও আসামিরা গ্রেপ্তার না হওয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ৷
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরপাড়ায় মৌচাক-জামালাপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা এতে প্রায় ১ ঘন্টা ওই সড়কে যানচলাচল বন্ধ থাকে। কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, প্রকাশ্যে একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এঘটনায় মামলা হয়েছে, আসামিরাও চিহ্নিত তবুও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কোন অদৃশ্য কারণে এখনো আসামিরা গ্রেপ্তার না হওয়া রহস্যজনক। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করতে হবে৷ এই সন্ত্রাসীদের কারণে ৪টি পরিবার ধ্বংস হয়েছে।
নিহতের স্ত্রী নাসরিন আক্তার বলেন, ‘আমার স্বামীকে তারা মেরে ফেলেছে। কিন্তু কেন হত্যা করল সেটিও জানতে পারলাম না৷ শুনেছি আসামিরা এখনো এলাকাতেই অবস্থান নিয়ে রেখেছে। তবুও পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি৷ আমরা আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করছি’৷
মামালা সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে উপজেলার ফটিকমার্কেট এলাকা থেকে অটোরিকশা যোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফেরার পথে চলন্ত অটোরিকশায় আজিবরের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় ধারালো দেশিয় অস্ত্র ও লোহার পাইপ দিয়ে সুমন, সাগর ও তাদের বাবা শরিফসহ কয়েকজন তাকে মারধর করে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেপিজে বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। ওই হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় ১৯ আগস্ট ব্যবসায়ী আজিবরের মৃত্যু হয়। এ ঘটনায় আজিবরের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে ওই এলাকার শরিফ ও তার দুই ছেলে সাগর হোসেন ও সুমন এর নামে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
ওসি শহিদুল ইসলাম জানান, আসামিরা ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।
আই/এ