হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উত্তরা পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
পাসপোর্ট গ্রহীতাদের নানাভাবে হয়রানি, ঘুষ গ্রহণ এবং আর্থিক অনিয়মের অভিযোগে রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে সংস্থাটির একটি এনফোর্সমেন্ট টিম আকস্মিক এ অভিযান চালান।
দুদকের সহকারী পরিচালক তানজির আহমেদ জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসে এই অভিযান চালানো হয়েছে। বর্তমানে অভিযোগের সত্যতা যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র ও বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হচ্ছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
দুদক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাসপোর্টের আবেদন, তথ্য সংশোধন, ছবি ও বায়োমেট্রিক গ্রহণসহ প্রতিটি ধাপে গ্রাহকদের নানা অজুহাতে হয়রানি করা হচ্ছিল। নির্ধারিত সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় এবং দালালের মাধ্যমে ঘুষ লেনদেন করে দ্রুত কাজ করে দেওয়ার সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ পায় কমিশন। এসব অনিয়মের সত্যতা যাচাই করতেই এই অভিযান চালানো হয়।
সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ ছয় মাস পর দুদকের মাঠপর্যায়ের এই দুর্নীতিবিরোধী কার্যক্রম পুনরায় দৃশ্যমান হওয়ায় সরকারি বিভিন্ন দপ্তরে অনিয়ম ও হয়রানি রোধে নজরদারি আরও জোরদার হতে পারে।
অভিযানে অভিযোগের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কমিশনের বিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।
আর/আই