জাতীয়

অতীতে আটকে থাকলে বাংলাদেশ-ভারত সম্পর্ক এগোবে না: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের ঘটনাপ্রবাহে আটকে রাখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন সময় নানা ধরনের চ্যালেঞ্জ থাকবে। তবে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেই ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে একসঙ্গে কাজ করার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না জানিয়ে তিনি বলেন, একটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় নিয়ে অন্য দেশের পক্ষ থেকে মন্তব্য করা সমীচীন নয়। সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে নির্বাচিত সরকারই জনগণের কল্যাণে কোন সিদ্ধান্ত সবচেয়ে কার্যকর, তা ভালোভাবে বুঝতে পারে।

দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়ে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও শক্তিশালী হোক, সেটিই তারা চান। দুই দেশের সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, এর প্রভাব সাধারণ মানুষের জীবনেই পড়ে। তাই জনগণের কল্যাণ নিশ্চিত করাকে গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক প্রতিবেশী সম্পর্কের কথা তুলে ধরে তিনি বলেন, দুই দেশ শুধু সীমান্তই ভাগ করে নেয় না, নিজেদের স্বপ্নও ভাগ করে নেয়। প্রতিবেশী দেশ হিসেবে এ কারণে উভয়ের দায়িত্বও বেশি। দুই দেশই সমান, কোনো দেশই বড় বা ছোট নয়।

দুই দেশের সামনে থাকা চ্যালেঞ্জগুলো নিয়েও কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, চ্যালেঞ্জ সবসময়ই থাকবে। বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থার সামনে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, তা বাংলাদেশকে বিবেচনা করতে হবে। একইভাবে ভারতের সামনে থাকা চ্যালেঞ্জগুলোও বাংলাদেশকে বুঝতে হবে।

তিনি বলেন, পারস্পরিক চ্যালেঞ্জগুলোকে বাস্তবতা হিসেবে বিবেচনায় নিয়ে দুই দেশকে সামনে এগিয়ে যেতে হবে। অতীতকে ভুলে যাওয়া সম্ভব নয়, তবে অতীতের মধ্যে আটকে থাকলে উন্নয়ন ও সহযোগিতার পথ এগিয়ে নেওয়া কঠিন হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন