কিরগিজস্তানে ইরান-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বার্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে অর্থনৈতিক চাপ বাড়ানোর পরিকল্পনার মধ্যেই দুই পররাষ্ট্রমন্ত্রীর এই বৈঠক হলো। সম্প্রতি ওয়াশিংটন তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করার পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক থাকা দেশগুলোকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দিয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের বিরোধিতা করে আসছে চীন। বেইজিংয়ের দাবি, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ দিয়ে চলমান সংঘাতের সমাধান সম্ভব নয়। বরং যুদ্ধবিরতি ও আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্ব দিয়ে আসছে দেশটি।
এদিকে ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে চীন। এমন পরিস্থিতিতে বিশকেকে ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠককে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সমন্বয়ের গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এমএ//