রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৪২
রাজধানীতে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ১৯টি মামলা করা হয়েছে।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩২ জন, লালবাগে ৩৬, ওয়ারীতে ৫০, মতিঝিলে ৫৬, তেজগাঁওয়ে ৫৯, মিরপুরে ১৩৩, গুলশানে ২৩ এবং উত্তরা বিভাগ থেকে ৫০ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা পুলিশের অভিযানে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের সময় একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি, ৬ হাজার ৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা এবং ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
এসি//