কম পেনশনধারীদের সর্বোচ্চ ১০০ শতাংশ পেনশন বাড়ছে
কম নিট পেনশন পাওয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর এর সঙ্গে সামঞ্জস্য রেখে অবসরভোগী পেনশনধারীদের নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন’ বা ওয়ান র্যাংক ওয়ান পেনশন (ওআরওপি) পদ্ধতি চালুর প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক ও অসামরিক উভয় ক্ষেত্রে একইসঙ্গে এ পদ্ধতি বাস্তবায়ন করা প্রয়োজন। তবে বিপুল আর্থিক সংশ্লেষ এবং অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের পূর্বে অবসর নেওয়া কর্মচারীদের তথ্য না থাকায় ওআরওপি পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এখন থেকে মাসিক ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের নিট পেনশন ১০০ শতাংশ বাড়বে। ৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনধারীদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৭৫ শতাংশ।
এ ছাড়া ২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশনধারীদের ক্ষেত্রে ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশনধারীদের ক্ষেত্রে ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।
আই/এ