রাজধানী

শিক্ষা প্রতিমন্ত্রীর নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান

ঢাকা-১৩ আসনের স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ওই আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার অবৈধ চলাচল বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যাটারিচালিত অটোরিকশা এবং অবৈধভাবে ব্যাটারি চার্জিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনার বিরুদ্ধে এ অভিযান পরিচালনা করে।  আজ (৩১ আগস্ট) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত শনিবার ঢাকা-১৩ আসনের টাউন হল সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার যানজট এবং ব্যাটারিচালিত অটোরিকশার অবাধ চলাচল নিয়ে অভিযোগ করেন।  বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী এবং ওই আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

এর পরিপ্রেক্ষিতে রবিবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুলসংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে ব্যাটারি চার্জিংয়ে ব্যবহৃত সরঞ্জাম ও বৈদ্যুতিক সংযোগ অপসারণ করা হয়।

এ বিষয়ে ববি হাজ্জাজ বলেন, ‘টাউন হল সভা শুধু অভিযোগ শোনার আয়োজন নয়; নাগরিকদের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের একটি কার্যকর প্ল্যাটফর্ম। জনগণ যে সমস্যার কথা বলেছেন, সেটি সমাধানে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছি।

তিনি বলেন, ‘ঢাকা-১৩-এর মানুষের স্বাভাবিক ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন