রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
আকাশজুড়ে তৈরি হচ্ছে মেঘের ঘনঘটা, সঙ্গে হঠাৎ দমকা হাওয়া আর বজ্রবৃষ্টির সম্ভাবনা। দেশের ছয় অঞ্চলে এমন আবহাওয়া তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে।
সোমবার (৩১ আগস্ট) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কতা জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে দেওয়া পূর্বাভাসে আরও বৃষ্টির আভাস রয়েছে। রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী এবং কোথাও কোথাও অতিভারী বর্ষণও হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসার সম্ভাবনা রয়েছে।
এসি//