জাতীয়

রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলিকার্ড দেয়া হয়নি, ত্রুটির হার মাত্র ১.২ শতাংশ : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা বা দলীয় পক্ষপাতিত্ব করা হয়নি।  ভবিষ্যতেও রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে না।  ফ্যামিলি কার্ড ডেলিভারির পাইলট প্রকল্পে ১ দশমিক ২ শতাংশ ত্রুটি বা ভুল হয়েছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এ ত্রুটির হার অত্যন্ত নগণ্য এবং প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে বন্যা-পরবর্তী পুনরুদ্ধার ও পুনর্বাসন সহায়তাপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যা-পরবর্তী পুনর্বাসনে ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি সংস্থার সম্মিলিত অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সরকার এ ধারা অব্যাহত রাখতে চায়।  সাধারণ মানুষের সঠিক পুনর্বাসন নিশ্চিত না হলে প্রকৃত সহায়তা দেওয়া সম্ভব নয়। কোনো পরিস্থিতি মোকাবিলায় সঠিক পদ্ধতিতে ও দক্ষতার সঙ্গে ত্রাণ ও সহায়তা বিতরণ নিশ্চিত করা প্রয়োজন।

তিনি বলেন, দেশে ত্রাণ ও সহায়তা বিতরণের ক্ষেত্রে দুর্নীতি, অপচয় ও সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক ক্ষতি হয়। এ কারণে সরকারের বিভিন্ন কাজে সরকার, বেসরকারি খাত ও এনজিওগুলোর মধ্যে অংশীদারত্ব গড়ে তোলা হচ্ছে।  সরকারের পক্ষে একা সবকিছু সঠিকভাবে বিতরণ করা কঠিন। তবে ডেলিভারি ব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিওগুলোকে যুক্ত করা হলে কাজ যেমন দক্ষতার সঙ্গে হয়, তেমনি অপচয় ও দুর্নীতিও কমে।

তিনি আরও বলেন, বন্যা-পরবর্তী কার্যক্রমে এখন পর্যন্ত কোনো দুর্নীতির অভিযোগ পাননি  পত্র-পত্রিকায় বা কোথাও তিনি এমন কোনো অভিযোগ দেখেননি

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন