মুসলিম বিশ্বকে ‘প্রকৃত শত্রুর’ বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির
মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ সৃষ্টি করাই ‘শত্রুদের’ অন্যতম লক্ষ্য বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। মুসলিম দেশগুলোর পারস্পরিক ঐক্য বজায় রেখে সেই ‘প্রকৃত শত্রুর’ মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এক লিখিত বক্তব্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, মুসলিমদের মধ্যে থাকা জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে বিভেদের হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভক্তি ও দুর্বলতার সুযোগ নেওয়ার অপেক্ষায় রয়েছে এসব শক্তি। তাই মুসলমানদের মধ্যে বিভেদ বাড়াতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
ফিলিস্তিনিদের দুরবস্থার প্রসঙ্গ তুলে খামেনি প্রশ্ন করেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নিলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় অবস্থায় থাকত এবং দখলদারদের নিপীড়ন ও অপরাধের শিকার হতো?
পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব দেশের সরকার ও জনগণ যদি ইসলামের পতাকার নিচে ঐক্যবদ্ধ থাকত, তাহলে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা কোনো পক্ষ তাদের ভূখণ্ড ও সম্পদের দিকে নজর দেওয়ার সাহস পেত কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে খামেনি বলেন, তাদের ‘প্রকৃত শত্রুকে’ চিহ্নিত করতে হবে, শত্রুর পরিকল্পনা বুঝতে হবে এবং ঐক্যবদ্ধভাবে তা মোকাবিলা করতে হবে।
খামেনির দাবি, এসব শক্তি (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) শুধু ইরান, ইরানি জনগণ বা ইসলামী প্রতিরোধের বিরোধিতা করছে না; পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম বিশ্বের প্রতিও তাদের বৈরিতা রয়েছে।
এমএ//