ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বন্ধ থাকা লেন খুললেও কাটেনি যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রিজের ঢাকামুখী লেনটি খুলে দেওয়ার পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হলেও কাটেনি দীর্ঘ যানজট। ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও চালকেরা।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা টোল প্লাজা থেকে দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত মহাসড়কের বিভিন্ন অংশে ছিল যানবাহনের দীর্ঘ সারি। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, সোনারগাঁ, মেঘনা টোল প্লাজা, গজারিয়া, পুরান বাউশিয়া, দাউদকান্দি টোল প্লাজা ও গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকাতেও যানবাহনের চাপ রয়েছে। দীর্ঘ সময় আটকে থাকা গাড়িগুলো ধীরে ধীরে সরছে। পুরো মহাসড়কের যানজট স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে।
ওসি শফিউল আলম বলেছেন, বন্ধ লেন খুলে দেওয়ার পর দুই লেনেই যানবাহন চলছে। তবে দীর্ঘ সময় জমে থাকা গাড়ির চাপ একসঙ্গে কমানো সম্ভব নয়। তাই যানজট পুরোপুরি স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
এর আগে সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর ব্রিজ এলাকায় সংস্কারকাজের জন্য একটি লেন বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে শনিবার সকালে বন্ধ থাকা লেনটি খুলে দেওয়া হলে দুই লেনেই যানচলাচল শুরু হয়।
আই/এ