স্থানীয় সরকার নির্বাচনে ১৭ বছর লড়াই সংগ্রামকারীরা অগ্রাধিকার পাবেন
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন হবে। এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২৯ আগস্ট) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সেখানে তিনি আরো বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনের প্রস্তুতি চলছে। এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ও পরিকল্পনা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হবে।
এ নির্বাচনে কোনো ধরনের দলীয় প্রভাব থাকবে না। দলীয়ভাবে প্রার্থীও দেওয়া হবে না। তবে দলীয় সমর্থন থাকবে। এই সমর্থন পাওয়া ক্ষেত্রে ত্যাগী ও যোগ্য ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন।
মীর শাহে আলম জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ ছাড় দিতে সরকার প্রস্তুত রয়েছে। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী অর্থের ব্যবস্থা করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে যেসব নেতাকর্মীরা ঐক্যবদ্ধ করে লড়াই-সংগ্রাম করেছেন, যারা দীর্ঘদিন মাঠে ছিলেন, মামলার এবং হয়রানির শিকার হয়েছেন, সাধারণ মানুষের ভোটে জয়ী হওয়ার অভিজ্ঞতা আছে এমন প্রার্থীদের সমর্থন দেওয়ার ব্যাপারে দলের পক্ষ থেকে নির্দেশনা আছে।
বিগত ১৭ বছর লড়াই-সংগ্রামে অভিজ্ঞতা আছে, কিন্তু নির্বাচনের মাঠে অভিজ্ঞতা খুবই কম এমন প্রার্থীকে অন্য জায়গায় অ্যাকোমোডেট করা হবে। নির্বাচনে সমর্থন হয়তো দেয়া হবে না।
আবার, ভোটের মাঠে অভিজ্ঞতা আছে, কিন্তু বিগত ১৭ বছর খুঁজে পাওয়া যায়নি এ ধরনের প্রার্থীকেও সমর্থন না দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে দিকনির্দেশনা দেওয়া আছে।
আর/আই