দেশজুড়ে

হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি প্রতিহতের ঘোষণা

গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া নিয়ে জাতীয় সংসদে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ করেছে ‘কওমি ছাত্র ঐক্য পরিষদ’। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে জেলায় এনসিপির কর্মসূচি হতে না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের জামিয়া ইউনূছিয়া মাদ্রাসা থেকে কওমি ছাত্র ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ  মিছিল শেষে সমাবেশ এ হুঁশিয়ারি দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই শক্তির ঐক্য চাই, সংঘাত নয়। কিন্তু ইসলাম ও আলেম-উলামাকে অন্যায়ভাবে দোষারোপের পুরোনো সংস্কৃতির সঙ্গে কোনও আপস নয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা হাসনাত আব্দুল্লাহ ও এনসিপির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তার বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

অন্যথায়, শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।

বৃহস্পতিবার কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জাতীয় সংসদের অধিবেশনে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন।

ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে মাদ্রাসা শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। তবে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আর/আই 

এ সম্পর্কিত আরও পড়ুন