ইমরান খানের সুচিকিৎসার দাবিতে এবার সোচ্চার প্যাট কামিন্স
পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থা ও নিরাপত্তা নিয়ে বিশ্ব ক্রিকেটে উদ্বেগ বেড়েই চলেছে। রাজবন্দি হিসেবে কারারুদ্ধ এই কিংবদন্তির উপযুক্ত চিকিৎসা সেবা ও সুরক্ষার দাবিতে এবার বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকেও জোরালো সুর উঠেছে।
সাবেক অধিনায়কদের আহ্বানে সাড়া দিয়ে এবারই প্রথম কোনো বর্তমান অধিনায়ক হিসেবে বিশ্বমঞ্চে ইমরানের সুচিকিৎসার পক্ষে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্স।
দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির কারাগারে বন্দি রয়েছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। সম্প্রতি শারীরিক পরীক্ষার জন্য তাকে ইসলামাবাদে নেওয়া হলেও পরে পুনরায় কারাগারে পাঠানো হয়।
বাবার জীবন সংশয়ের আশঙ্কার কথা জানিয়ে সম্প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরানের দুই ছেলে সুলাইমান ও কাসিম। তাদের অভিযোগ, কারাগারে ইমরানকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।
ইমরানের চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়ে অস্ট্রেলিয়ান লিজেন্ড গ্রেগ চ্যাপেলের বক্তব্যের একটি ছোট ভিডিও ক্লিপের উদাহরণ টেনে কামিন্স এক্স-এ লিখেছেন, ‘জিসি (গ্রেগ চ্যাপেল) ও অন্য আরও সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের প্রতি আমি আমার সমর্থন জানাচ্ছি। আমি আশা করি আদালত তার সুচিকিৎসায় সহযোগিতা করবে এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ অব্যাহত থাকবে। আমি আশা করব ইমরান খানের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে, যেমনটা অন্য সবার প্রাপ্য।’
এর আগে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাছে ইমরান খানের উন্নত চিকিৎসার দাবি জানিয়ে চিঠি পাঠান ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক।
চিঠিতে স্বাক্ষর করা বাকি ক্রিকেট তারকাদের মধ্যে রয়েছেন— গ্রেগ চ্যাপেল, প্যাট কামিন্স, অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, অ্যাডাম গিলক্রিস্ট, ক্লাইভ লয়েড, কপিল দেব, অর্জুনা রানাতুঙ্গা, অ্যালিস্টার কুক, মাইকেল আথারটন, ডেভিড গাওয়ার, নাসের হুসেইন, মাইক গ্যাটিং, কিম হিউজ, ইয়ান চ্যাপেল, মাইকেল ব্রিয়ারলি, দিলীপ ভেংসরকার, লি জার্মন, জন রাইট, অ্যান্ড্রু স্ট্রস, বেলিন্ডা ক্লার্ক ও অ্যালেক্স ব্ল্যাকওয়েল।
আর/আই