রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মা ও ছেলে গুলিবিদ্ধ হয়েছেন। গোলাগুলির শব্দে ক্যাম্পজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) উখিয়ার ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮-এর (এপিবিএন) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ দুজন হলেন, ওই ক্যাম্পের বি-৪১ ব্লকের বাসিন্দা নুর আলমের স্ত্রী তাহেরা বেগম ও তার ছেলে মোহাম্মদ ইউসুফ।
স্থানীয়রা জানায়, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় ক্যাম্পের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ ১২০ থেকে ২০০ রাউন্ড পর্যন্ত গুলি ছোড়ার কথা জানিয়েছেন। এর ফলে দীর্ঘ সময় গুলির শব্দে অনেকে ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান নিলে স্বাভাবিক চলাচলও বন্ধ হয়ে যায়।
এপিবিএন অধিনায়ক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ জানান, ক্যাম্প-৮ ইস্টের বি-৪০ ও বি-৪১ ব্লক এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তিনি আরও জানান, গোলাগুলিতে একই পরিবারের দুইজন আহত হয়েছেন। তাদের প্রথমে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
আর/আই