সিপিডির নতুন নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নতুন নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অর্থনীতিবিদ নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তিনি এ দায়িত্ব গ্রহণ করবেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিপিডি।
প্রায় তিন দশক ধরে বাংলাদেশ ও আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক গবেষণা, নীতি বিশ্লেষণ ও উন্নয়ন কার্যক্রমে কাজের অভিজ্ঞতা রয়েছে নাজনীন আহমেদের।
সিপিডি জানিয়েছে, নির্বাহী পরিচালক হওয়ার আগে নাজনীন আহমেদ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) দায়িত্ব পালন করেছেন। তিনি দুই বছর ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট এবং পরে নিউইয়র্কে সংস্থাটির পলিসি অ্যাডভাইজার হিসেবে তিন বছর কাজ করেন।
এর আগে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)–এ প্রায় ২৫ বছর কাজ করেছেন তিনি। কর্মজীবনে বিশ্বব্যাংক, ডিএফআইডি, ইউএনসিটিএডি, আইএলও, আইএফসি ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছেন।
নাজনীন আহমেদ নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।
এদিকে সিপিডির বর্তমান নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন আগামী ১ সেপ্টেম্বর থেকে সংস্থাটির সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব পালন করবেন।
সিপিডির ৬৮তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় সাড়ে নয় বছর নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি নতুন ভূমিকায় যাচ্ছেন।
এমএ//