পুকুরে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নেত্রকোনার আটপাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ফজলে রাব্বি (১০) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার সুখারি ইউনিয়নের সোনাকানিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ফজলে রাব্বি স্থানীয় নাজিরগঞ্জ আশ্রাফুন্নেছা চৌধুরী হাফিজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। সে ওই গ্রামের অসীম উদ্দীনের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, ফজলে রাব্বি মৃগীরোগে আক্রান্ত ছিল। বিকেলে মাকে জানিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সে। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন।
একপর্যায়ে পুকুরপাড়ে রাব্বির কাপড় দেখতে পান স্বজনরা। পরে তার মা পুকুরে নেমে খোঁজাখুঁজি করে ছেলেকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করেন। স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে তুলে নেওয়া হয়। পরে স্থানীয় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএ//