বিনোদন

ফিরছে ‘মহানগর ৩’, জন্মদিনে ইঙ্গিত দিলেন আশফাক নিপুণ

একটা গান, কয়েকটি শব্দ আর একটি ছোট্ট ইঙ্গিত—ব্যস, তাতেই যেন আবারও জেগে উঠল ‘মহানগর’ ঘিরে দর্শকদের পুরোনো উন্মাদনা। দীর্ঘদিন ধরে তৃতীয় সিজনের অপেক্ষায় থাকা ভক্তদের মধ্যে নতুন করে শুরু হয়েছে আলোচনা। কারণ, নির্মাতা আশফাক নিপুণের জন্মদিনের একটি ভিডিওতেই মিলেছে ‘মহানগর ৩’ নিয়ে বড় ইঙ্গিত।

বাংলাদেশের ওয়েব সিরিজে ‘মহানগর’ নামটি আলাদা করে পরিচিতি পেয়েছিল ২০২১ সালে। প্রথম সিজন মুক্তির পরই গল্প, নির্মাণশৈলী এবং অভিনয় নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। দুই বছর পর আসে দ্বিতীয় সিজন। সেই সিজনও দর্শকদের প্রত্যাশা পূরণ করে। শুধু বাংলাদেশেই নয়, ভারতেও সিরিজটি বেশ জনপ্রিয়তা পায়।

তবে দ্বিতীয় সিজন শেষ হওয়ার পর থেকেই শুরু হয় অপেক্ষা। গল্পের শেষভাগে তৃতীয় কিস্তির সম্ভাবনা রাখা হলেও ‘মহানগর ৩’ কবে আসবে, তা নিয়ে নির্মাতার পক্ষ থেকে দীর্ঘদিন কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি। আশফাক নিপুণ সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্ট করলেই সেখানে দর্শকদের প্রশ্ন থাকত—‘মহানগর ৩ কবে?’

একসময় সিরিজটির কাজ শুরুর খবরও ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, বাজেটসংকটের কারণে হইচই বাংলাদেশ তখন তৃতীয় সিজনের কাজ এগিয়ে নিতে পারছে না। ফলে আবারও অনিশ্চয়তায় পড়ে যায় দর্শকদের প্রতীক্ষা।

এবার সেই অপেক্ষাতেই যেন নতুন আলো জ্বাললেন আশফাক নিপুণ। বুধবার (২৬ আগস্ট) নিজের জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। জন্মদিনের শুভেচ্ছা জানানোর অনুরোধের একপর্যায়ে নির্মাতা বলেন, ‘যাইহোক, এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। সময় হাতে বেশি নেই।’

কোন চিত্রনাট্যের কথা বলছেন নিপুণ, সেটিও খুব বেশি রহস্যে রাখেননি। ভিডিওতেই নিজের কণ্ঠে গেয়ে শোনান ‘মহানগর’-এর পরিচিত সূচনা সংগীত। আর এতেই দর্শকদের কাছে বিষয়টি অনেকটাই পরিষ্কার—ফিরতে পারে বহুল প্রতীক্ষিত ‘মহানগর ৩’।

অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে শুটিং শুরুর তারিখ কিংবা মুক্তির সময় জানানো হয়নি। তাই দর্শকদের অপেক্ষা আপাতত শেষ না হলেও নতুন করে আশাবাদী হওয়ার কারণ তৈরি হয়েছে।

‘মহানগর’-এর প্রথম দুই সিজনে ওসি হারুন চরিত্রে মোশাররফ করিমের অভিনয় দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। তৃতীয় সিজনেও একই চরিত্রে তাকে দেখা যাবে বলে জানা গেছে। এর সঙ্গে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য যুক্ত হতে পারেন—এমন আলোচনাও রয়েছে।

সব মিলিয়ে, একটি জন্মদিনের ভিডিওই আবার আলোচনার কেন্দ্রে ফিরিয়ে এনেছে ‘মহানগর’কে। এখন প্রশ্ন একটাই—নতুন গল্প নিয়ে কবে পর্দায় ফিরবে ওসি হারুন?

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন