সার ব্যবস্থাপনায় অনিয়ম ঠেকাতে কমিটি
দেশব্যাপী সার উত্তোলন, বিতরণ ও সার বিক্রির ডিলার নিয়োগ কার্যক্রম সরাসরি নজরদারির আওতায় আনতে তিন সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সাচিবিক সহায়তা দেবে কৃষি মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন।
এতে বলা হয়, ‘সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তা করার জন্য মন্ত্রিসভা কমিটি’ নামে গঠিত কমিটির আহ্বায়ক করা হয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
জানা গেছে, কৃষি মন্ত্রণালয় গত ১০ আগস্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৫’-এর সংশোধিত সংস্করণ প্রকাশ করেছে। এর আগে মূল নীতিমালাটি প্রকাশ করা হয়েছিল ২০২৫ সালের নভেম্বরে।
সংশোধিত নীতিমালা অনুযায়ী, দেশের বিভিন্ন এলাকায় শূন্য থাকা সার ডিলার ইউনিটে নতুন ডিলার নিয়োগের কার্যক্রমও শুরু হয়েছে। ফলে নতুন মন্ত্রিসভা কমিটির কার্যপরিধিতে সার ডিলার নিয়োগকে আলাদাভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন এ কমিটি সার আমদানি বা সরবরাহের পরিমাণ নয়, মাঠপর্যায়ে কে সার বিক্রির দায়িত্ব পাচ্ছেন এবং বিতরণব্যবস্থা কীভাবে পরিচালিত হচ্ছে, সেটিও নজরদারি করবে।
আই/এ