ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
সিলেটের ওসমানীনগরে তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চারজন প্রাণ হারিয়েছেন। এছাড়া গুরতর আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের ব্রাহ্মণগ্রাম এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পদ্মা অয়েল কোম্পানির একটি তেলবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রী বোঝাই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
ওসি গোলাম মোস্তফা জানান, পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, এর আগে গেল ৭ আগস্ট ওসমানীনগরের এই মহাসড়কেই একটি অননুমোদিত স্লিপার বাসের সঙ্গে আরেকটি বাসের সংঘর্ষে ৯ জনের প্রাণহানির ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহনের নিরাপত্তা ও চলাচলের বৈধতা নিয়ে নানা মহলে তীব্র আলোচনা শুরু হয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই আবারও একই উপজেলায় সড়ক দুর্ঘটনায় একাধিক প্রাণহানির পুনরাবৃত্তি ঘটল।
আর/আই