আন্তর্জাতিক

আইফোনের কিস্তি নিয়ে ঝগড়া, পাহাড় থেকে পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তির টাকা পরিশোধ নিয়ে বাবার সঙ্গে তীব্র বাদানুবাদের পর পাহাড়ের চূড়ায় উঠে যান এক তরুণ। তাকে ফিরিয়ে আনতে গিয়ে পাহাড় থেকে পড়ে বাবা ও ছেলের মৃত্যু হয়। স্বামী ও ছেলেকে চোখের সামনে নিচে পড়ে যেতে দেখে পরে পাহাড় থেকে ঝাঁপ দেন মা। মর্মান্তিক এ ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত তরুণের নাম কুনাল। তিনি একটি আইফোন কিনেছিলেন। ফোনটির মাসিক কিস্তি পরিশোধের জন্য পরিবারের কাছে টাকা চাইছিলেন তিনি। সর্বশেষ কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবার সঙ্গে তীব্র কথা-কাটাকাটি হলে ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান কুনাল।

সকাল ১০টার দিকে তিনি তিসগাঁও এলাকার একটি পাহাড়ের চূড়ায় গিয়ে ওঠেন। খবর পেয়ে তার বাবা মুরলিধর চন্দগুড়ে ও মা সঙ্গীতা সেখানে পৌঁছান। স্থানীয় কয়েকজনও তাদের সঙ্গে যোগ দেন। প্রায় তিন ঘণ্টা ধরে কুনালকে বুঝিয়ে পাহাড় থেকে নিচে নামানোর চেষ্টা করা হয়।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুনালকে পাহাড় থেকে ঝাঁপ দেওয়ার হুমকি দিতে দেখা যায়। তাকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানানো হয়। পরিবারের কথা, বিশেষ করে মায়ের কথা ভেবে জীবন বাঁচানোর আহ্বানও জানানো হয়েছিল। তবে এতে তিনি রাজি হননি।

স্থানীয় সাবেক সরপঞ্চ সঞ্জয় যাদব জানান, কুনালকে বারবার ভবিষ্যতের কথা মনে করিয়ে দিয়ে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল।

শেষ পর্যন্ত দুপুর ১টার দিকে ছেলেকে নিরাপদে ফিরিয়ে আনতে পাহাড়ের কিনারায় উঠে তাকে টেনে নামানোর চেষ্টা করেন বাবা মুরলিধর। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে বাবা ও ছেলে দুজনেই পাহাড়ের নিচের গিরিখাতে পড়ে যান।

চোখের সামনে স্বামী ও ছেলেকে নিচে পড়ে যেতে দেখে কিছুক্ষণ পর সঙ্গীতাও পাহাড় থেকে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন