আন্তর্জাতিক

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপ্রতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে অনুষ্ঠিত এই শপথানুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। দেশের নতুন রাষ্ট্রপতিকে উষ্ণ অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

২১ আগস্ট (শুক্রবার) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে একত্রে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেন।

অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় তিনি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছেন। তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা ও নেতৃত্ব বাংলাদেশের জনগণের কল্যাণে একটি সফল অধ্যায়ের সূচনা করবে বলে তিনি আশাবাদী।

বার্তায় আরও বলা হয়, অভিন্ন আত্মত্যাগের ইতিহাস, গভীর সাংস্কৃতিক মেলবন্ধন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশ এক অনন্য অংশীদারত্ব ভাগ করে নেয়। সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি, প্রযুক্তি, কানেক্টিভিটি, যুব উন্নয়ন, স্বাস্থ্য ও শিক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও প্রসারিত হয়েছে।

পরিশেষে ভারতের রাষ্ট্রপতি দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যকার সহযোগিতা ও অংশীদারত্বকে আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, সুখ, সফল মেয়াদ এবং দেশের জনগণের চিরন্তন শান্তি ও সমৃদ্ধির জন্য শুভকামনা জানান।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন