প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিবৃতি প্রকাশ করে প্রত্যাহার করলো ভারত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য নয়াদিল্লি সফরকে কেন্দ্র করে একটি বিজ্ঞপ্তি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। সফরের আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসার আগেই এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল যে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কারণে আগামী শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠানটি স্থগিত থাকবে।
তবে এর ঠিক এক ঘণ্টা পর বিকেল তিনটার দিকে রাষ্ট্রপতির কার্যালয় থেকে আরেকটি সংশোধিত বার্তা পাঠিয়ে আগের ওই প্রেস রিলিজটি সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়া হয়।
দুই প্রতিবেশী দেশের কূটনৈতিক মহলে এই হাইপ্রোফাইল সফর নিয়ে আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি। এর আগে কূটনৈতিক সূত্রগুলো আগস্টের তৃতীয় সপ্তাহে এই সফর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছিল।
তবে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত ৫ আগস্টের একটি সংবাদ সম্মেলনে উপস্থিতি এই সফরসংক্রান্ত আলোচনায় কিছুটা জটিলতা তৈরি করেছে।
উল্লেখ্য, ভারতে রাষ্ট্রীয় সফরে যাওয়া বিদেশি রাষ্ট্রপ্রধান ও শীর্ষ অতিথিদের সম্মানে রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে তিন বাহিনীর গার্ড অব অনার প্রদান, জাতীয় সংগীত পরিবেশন এবং সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের ঐতিহ্য রয়েছে। এই আনুষ্ঠানিকতার আগে পূর্ণাঙ্গ মহড়া (ফুল ড্রেস রিহার্সাল) অনুষ্ঠিত হয়ে থাকে। পরে রাষ্ট্রপতি সফররত রাষ্ট্রনেতার নৈশভোজেরও আয়োজন করেন। যার অংশ হিসেবেই প্রথমে এই বিজ্ঞপ্তিটি সামনে এসেছিল।
আর/আই