গাজীপুরে Spelling Star-এর প্রথম অডিশন অনুষ্ঠিত
ইংরেজি বানান দক্ষতা ও শব্দভান্ডার বৃদ্ধির লক্ষ্যে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে আয়োজিত টেলিভিশন রিয়েলিটি শো Shaheen Education Family–Channel i Spelling Star 2026-এর প্রথম ধাপের অডিশন পরীক্ষা গাজীপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রে ৬৫২ জন এবং কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রে ৩২১ জনসহ মোট ৯৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। গাজীপুরের শাহীন শিক্ষা পরিবারের ১৫টি শাখার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর পাশাপাশি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশগ্রহণ করে।
সকাল থেকেই দুই কেন্দ্রেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতা ও নিরাপত্তায় আয়োজকদের পাশাপাশি প্রয়োজনীয় আইনশৃঙ্খলা ব্যবস্থা ছিল। এ সময় নিজ নিজ শাখার শিক্ষার্থীদের উৎসাহ দিতে শাহীন শিক্ষা পরিবারের শিক্ষক-শিক্ষিকাদেরও কেন্দ্রের বাইরে অবস্থান করতে দেখা যায়।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কেন্দ্রের প্রধান মাসুদ রানা তালুকদার বলেন, ‘ইংরেজি ভাষার প্রতি শিশুদের ভয় ও জড়তা দূর করতেই এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি দক্ষতা বাড়বে এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় তারা আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে পারবে। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যানের এ উদ্যোগ একটি মহতী উদ্যোগ।’
কাজী আজিম উদ্দিন কলেজ কেন্দ্রের প্রধান সাইদুল ইসলাম বলেন, ‘গাজীপুর থেকে পরবর্তী ধাপের জন্য প্রায় ১৫০ জন শিক্ষার্থী বাছাই করা হবে। গাজীপুরের কেন্দ্রগুলোতে অত্যন্ত সুষ্ঠু ও সফলভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে।’
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ ছানোয়ারা সুলতানা বলেন, ‘এত বড় পরিসরে এবং কোনো রেজিস্ট্রেশন ফি ছাড়াই এমন আয়োজনের জন্য শাহীন শিক্ষা পরিবার প্রশংসার দাবিদার। এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর হবে এবং ইংরেজি শেখার প্রতি আগ্রহ বাড়বে।’
এ প্রতিযোগিতায় দেশব্যাপী চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২২ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছে। দেশের ৬৪ জেলার প্রতিযোগীরা ৩৪ জেলার ৪০টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশ নেয়।
প্রাথমিক বাছাই পরীক্ষায় ৫০টি প্রশ্ন ছিল। পরীক্ষা শেষে উত্তরপত্র মূল্যায়নের কার্যক্রম শুরু হয়। শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন জানান, প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল শুক্রবারই প্রকাশ করা হবে। কেন্দ্রভিত্তিক বাছাইয়ে নির্বাচিত শিক্ষার্থীদের আকর্ষণীয় ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হবে।
পরবর্তী বিভাগীয় রাউন্ডে প্রায় ৫০০ নির্বাচিত শিক্ষার্থী অংশ নেবে। লিখিত ও মৌখিক মূল্যায়নের মাধ্যমে সেখান থেকে দেশব্যাপী ১০০ জন প্রতিযোগী নির্বাচন করা হবে। নির্বাচিত ১০০ জনকে নিয়ে Channel i-এর পর্দায় অনুষ্ঠিত হবে Spelling Star-এর মূল প্রতিযোগিতা।
মূল প্রতিযোগিতায় শীর্ষ ১০ প্রতিযোগীর জন্য থাকবে ল্যাপটপসহ বিশেষ পুরস্কার। পাশাপাশি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে যথাক্রমে ৩ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা। এছাড়া দুজন প্রতিযোগীকে দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
আয়োজকরা জানান, শিশুদের ইংরেজি বানান দক্ষতা ও শব্দভান্ডার বৃদ্ধি, আত্মবিশ্বাস গড়ে তোলা এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরির পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের জাতীয় পর্যায়ে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে ইংরেজিভীতি দূর করে স্বাভাবিক ও আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজি শেখার মানসিকতা তৈরি করাও এ প্রতিযোগিতার উদ্দেশ্য।
প্রতিযোগিতার ফলাফল ও পরবর্তী কার্যক্রমের বিস্তারিত তথ্য শাহীন শিক্ষা পরিবারের অফিসিয়াল ফেসবুক পেজ ও www.shaheen.edu.bd-এ প্রকাশ করা হবে।
আই/এ