পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত রোহিঙ্গারা: সেনাপ্রধান
রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, এর প্রভাব পড়ছে দেশের পরিবেশ, নিরাপত্তা ও অর্থনীতিতেও। রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তাদের উপস্থিতির কারণে দেশের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেনাপ্রধান।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশে রোহিঙ্গাদের অবস্থান দেশের ওপর বিভিন্ন দিক থেকে চাপ তৈরি করছে। তাদের একটি অংশ পরিবেশের ক্ষতি, মাদক চোরাচালানসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। পাশাপাশি দীর্ঘস্থায়ী এই সংকট সামাল দিতে গিয়ে দেশের অর্থনীতিতেও উল্লেখযোগ্য চাপ তৈরি হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে তিন সপ্তাহের ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া ফেলোদের হাতে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান।
এবারের কোর্সে সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা ছাড়াও শিক্ষাবিদ, জ্যেষ্ঠ চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট খাতের প্রতিনিধিরা অংশ নেন। বিভিন্ন পেশার মোট ৩৭ জন ফেলো কোর্সটিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ক্যাপস্টোন কোর্সের বিভিন্ন কার্যক্রম, অভিজ্ঞতা ও অর্জন তুলে ধরা হয়। কোর্সটির মাধ্যমে অংশগ্রহণকারীরা জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।
এসি//