চালু হলো বিআরটিসি'র মহিলা বাস সার্ভিস
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিশেষ মহিলা বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বগুড়া বিআরটিসি ডিপো প্রাঙ্গণে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা বলেন, দেশের তিনটি জেলায় নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু হচ্ছে। এর মধ্যে বগুড়াও রয়েছে। বগুড়ায় শেরপুর থেকে মাটিডালি এবং মোকামতলা থেকে বনানী রুটে এই সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এই বাসে চালক, কন্ডাক্টর ও হেলপার সবাই নারী থাকবেন এবং যাত্রীরাও নারী হবেন। নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস তাদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করবে।
বিআরটিসি সূত্রে জানা যায়, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের বিভিন্ন রুটে নারীদের জন্য বিশেষ এই বাস সার্ভিস চালু করা হচ্ছে। রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে প্রাথমিকভাবে ১০টি এবং ঢাকার বাইরে বগুড়া ও চট্টগ্রামে দুটি করে বাস এ সেবায় যুক্ত করা হয়েছে।
প্রাথমিকভাবে বগুড়ায় দুটি বাস এই সেবায় যুক্ত করা হলেও পর্যায়ক্রমে অন্যান্য গুরুত্বপূর্ণ রুটেও এ সেবা সম্প্রসারণের কথা জানিয়েছে বিআরটিসি।
নতুন করে চালু হওয়া এই সেবা বগুড়ার কর্মজীবী নারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আর/আই