বিনোদন

অহেতুক বিতর্কে নিজের এনার্জি নষ্ট করতে চান না সাদিয়া আয়মান

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান সাবলীল অভিনয় ও স্টাইলিশ লুকের কারণে নিয়মিতই আলোচনায় থাকেন।  নাটক, ফিল্ম ও ওয়েব ফিল্মে কাজ করে ইতোমধ্যে দর্শকদের কাছে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে কাজের ব্যস্ততা কিছুটা কম দেখা গেলেও ব্যক্তিগত জীবন ও বিভিন্ন গুঞ্জন নিয়ে তাকে নিয়ে আলোচনা থেমে নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন, প্রেম ও বিভিন্ন গুঞ্জন নিয়ে কথা বলেছেন সাদিয়া আয়মান।  

গুঞ্জন নিয়ে পালটাপালটি মন্তব্য করে বিতর্ক বাড়াতে চান না জানিয়ে অভিনেত্রী বলেন, কোনো ব্যক্তি নিজের বক্তব্য দেওয়ার পর তিনি যদি নিজের দিকের গল্প প্রকাশ করেন, তাহলে বিষয়টি অন্যরকম হয়ে যেতে পারে। তাই কাদা ছোড়াছুড়ি কিংবা একে অপরকে নিয়ে পালটাপালটি মন্তব্যে জড়াতে চান না তিনি।

সাদিয়া বলেন, সত্য কখনো চাপা থাকে না, সময়ের সঙ্গে সত্য একসময় সবার সামনে চলে আসবে। তাই অহেতুক বিতর্কে নিজের এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না।

প্রেম ও বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী জানান, আপাতত প্রেম করার বিশেষ ইচ্ছা নেই তার। বরং নিজের ক্যারিয়ার ও ভবিষ্যৎকে গুছিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। সঠিক সময় এলে জীবনে যা হওয়ার, সেটিই হবে বলে বিশ্বাস করেন তিনি।  

তার মতে, মানুষ অনেক পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত আল্লাহর পরিকল্পনাই বাস্তব হয়।

অভিনেত্রী আরও জানান, এখন তার প্রধান মনোযোগ কাজ, পরিবার এবং নিজের মানসিক স্বাস্থ্যের দিকে। শুটিংয়ের ব্যস্ততার পাশাপাশি নিজের বিড়ালের যত্নও নিতে হয় তাকে। যেসব বিষয় তার মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, সেগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন তিনি।

সাদিয়া আয়মানের ভাষ্য, এখনই নিজের সব গল্প প্রকাশ করার সময় হয়নি। ভবিষ্যতে যখন তিনি আরও অভিজ্ঞ ও সিনিয়র হবেন, তখন নিজের জীবনের গল্পগুলো বললে সেগুলোর মূল্যও বেশি থাকবে।

এআর//

                                            

এ সম্পর্কিত আরও পড়ুন