বিষের বোতল হাতে সৌদিপ্রবাসীর বাড়ির সামনে তরুণীর অনশন
গাইবান্ধায় বিয়ের দাবিতে বিষের বোতল হাতে নিয়ে সৌদিপ্রবাসী যুবকের বাড়ির সামনে অনশনে বসেছিলেন এক তরুণী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিলে অবশেষে ১২ ঘণ্টা অনশনের পর তাদের বিয়ে হয়।
শনিবার (১৫ আগস্ট) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামে ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহাতাব মন্ডল জানান, সৌদিপ্রবাসীর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘদিনেও বিয়ে না করায় গত শুক্রবার (১৪ আগস্ট) রাত ১১টার দিকে ওই যুবকের বাড়ির সামনে অবস্থান নিয়ে কান্নাকাটি শুরু করেন ঐ তরুণী।
খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে ভিড় করতে থাকেন। এ নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে স্থানীয় মাতবরেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তাদের মধ্যস্থতায় ১২ ঘণ্টা অনশনের পর সৌদিপ্রবাসী ওই যুবকের সাথে তার বিবাহ সম্পন্ন হয়।
ওসি মোহাম্মদ মোজাম্মেল হক জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। তবে শনিবার তাদের বিয়ে হয়েছে বলে শুনেছেন তিনি।
আর/আই