আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় আমির হামজার গাড়ির কাঁচ ভেঙে গেছে। এসময় গাড়ির সামনে বসা এমপির চাচার পা কেটে যায়। এছাড়াও আমির হামজা নিজেও মাথায় আঘাত প্রাপ্ত হন। অভিযোগ রয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ হামলা করেছে।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গণআধিকার পরিষদকে নিয়ে মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে কুষ্টিয়া ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করছিল গণধিকার পরিষদ। এ সময় আমির হামজার গাড়ি সমাবেশস্থলে পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করা হয়। এতে উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায়। এ সময় জামায়াতে ইসলামীর ৭ জন ও গণঅধিকার পরিষদের ৩ জন আহত হয়। আহতরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ বলেন, আমির হামজা আমাদের গণঅধিকার পরিষদকে নিয়ে বলেছেন- এই দল দুইজনের, তাছাড়া এদের আর কোনো লোকজন নেই। এছাড়াও তিনি আরও তুচ্ছ-তাচ্ছিল্য করে বক্তব্য এ ঘটনার প্রতিবাদে আজকে তারা শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশ করেছেন।
এ বিষয়ে সংসদ সদস্য আমির হামজা বলেন, তিনি খবর পান তার বাবা-মা তুলে গালাগালি করছে। বিষয়টি জানাতে সদর থানার ওসিকে কল দেন। এরপরে বের হওয়ার পথে ওসির গাড়ি আগে এবং তার গাড়ি পেছনে ছিল। এ সময় অতর্কিতভাবে তার গাড়িতে লাঠি-হকিস্টিক দিয়ে হামলা করা হয়।
তিনি বলেন, গণধিকার পরিষদের আব্দুল খালেক ও তৌকিরের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। আমি এ বিষয়ে আজকেই মামলা করবো।
অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এমপির বাসভবনসহ আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আই/এ