দেশজুড়ে

হাসপাতালের সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি পানিসম্পদ প্রতিমন্ত্রীর

দীর্ঘদিন ধরে অবহেলায় থাকা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসাসেবার মান, জনবল ও অবকাঠামোগত সংকট দূর করতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একই সঙ্গে হাসপাতালকে ঘিরে কোনো ধরনের সিন্ডিকেট থাকলে তা নির্মূলের হুঁশিয়ারি দিয়েছেন প্রতিমন্ত্রী।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি ও অংশীজনদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন

অনুষ্ঠানে বক্তারা জানান, পুরাতন ভবনের পরিবর্তে হাসপাতালের নতুন অবকাঠামো নির্মাণ হলেও তা পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়ার উপযোগী করে গড়ে তোলা হয়নি। প্রয়োজনীয় চিকিৎসক, আধুনিক যন্ত্রপাতি ও অন্যান্য সুযোগ-সুবিধার ঘাটতিতে রোগীদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র যেতে হচ্ছে।

এ সময় পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, হাসপাতাল যদি সরকারি হয়, সেটা কখনোই সাংগঠনিক বা ব্যক্তিগত ফান্ড দিয়ে কন্টিনিউ পরিচালনা করা কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই সরকারের সরাসরি এখানে সম্পৃক্ত থাকতে হবে।

সভায় হাসপাতালকে ঘিরে কথিত আন্ডারগ্রাউন্ড সিন্ডিকেট-এর অভিযোগে তিনি বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি চিকিৎসাসেবার মান নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, পঞ্চগড় সদর হাসপাতালে প্রতি মাসে প্রায় ৪০ হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। কিন্তু এমআরআই ও সিটি স্ক্যানসহ আধুনিক যন্ত্রপাতির সংকট রয়েছে। ফলে রোগীদের ভোগান্তি বাড়ছে।

তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের আায়োজনে পঞ্চগড় জেলা প্রশাসক শুকরিয়া পারভিন, পুলিশ সুপার আবু সাইমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন