জাতীয়

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ। ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদারের ঘরে জন্মগ্রহণ করেন তিনি। তাদের পরিবারের আদি নিবাস ফেনীতে।

এবারের জন্মদিনটি খালেদা জিয়ার মৃত্যুর পর প্রথম। দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশের অন্যতম প্রভাবশালী নারী রাজনীতিক হিসেবে পরিচিত এই নেত্রী গত ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শিক্ষাজীবনে দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন খালেদা জিয়া। পরে সুরেন্দ্রনাথ কলেজে লেখাপড়া করেন। ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়।

স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালে বিএনপির রাজনীতিতে যুক্ত হন খালেদা জিয়া। দলের নেতৃত্বে উঠে এসে ১৯৮৪ সালে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। এর মধ্য দিয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরে ১৯৯৬ সালের ফেব্রুয়ারি ও ২০০১ সালের জাতীয় নির্বাচনেও সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। সব মিলিয়ে তিন দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক জীবনে আন্দোলন, মামলা, কারাবাসসহ নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে খালেদা জিয়াকে।

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয় ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন রয়েছে।

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

দলের পক্ষ থেকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের দেশব্যাপী আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রাজনীতিতে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করা খালেদা জিয়ার ৮২তম জন্মদিন এবার পালিত হচ্ছে তার অনুপস্থিতিতে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলটির নেতাকর্মী ও সমর্থকেরা সাবেক এই প্রধানমন্ত্রীকে স্মরণ করছেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন