জাতীয়

ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে , এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময়ে ফ্যাসিবাদী সরকার শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ দেশের বিভিন্ন খাত ধ্বংস করে গেছে। এখন এসব খাত পুনর্গঠনের সময় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির আওতায় তিনটি গ্রামের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

দেশে প্রথমবারের মতো এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির আওতায় নির্বাচিত তিনটি গ্রামের কার্যক্রম এদিন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গ্রামগুলো হলো—দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকোপ উপজেলার পানখালী এবং রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিংগাছড়ি।

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ সময় ধরে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতিসহ বিভিন্ন খাতে যে ধ্বংসযজ্ঞ হয়েছে, তা কাটিয়ে এখন পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে সরকার। একটি গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশ পুনর্গঠনের এই প্রক্রিয়ায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এসডিজির লক্ষ্য অর্জন কোনো একক মন্ত্রণালয় বা বিভাগের পক্ষে সম্ভব নয়। এ জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন বলে জানান প্রধানমন্ত্রী।

‘কাউকে পেছনে ফেলে নয়’—এসডিজির এই নীতির সঙ্গে বর্তমান সরকারের জননীতিরও সামঞ্জস্য রয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। সব শ্রেণি-পেশার মানুষের অধিকার ও স্বার্থ নিশ্চিত করাকে সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে তুলে ধরে তিনি ‘সবার জন্য বাংলাদেশ’ নীতির কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দেশের প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এসডিজি ভিলেজ পাইলট কর্মসূচির মাধ্যমে এসব ক্ষেত্রে সমন্বিত উন্নয়নের একটি কার্যকর মডেল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এমডিজি বাস্তবায়নে সাফল্যের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, একইভাবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনেও বাংলাদেশ পরিকল্পিতভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন