বৈঠক শেষে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আশাবাদী ভারতীয় হাইকমিশনার
দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
সোমবার (১০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে তার আলোচনা অত্যন্ত ভালো হয়েছে এবং পুরো বৈঠকটি তার কাছে ইতিবাচক মনে হয়েছে।
প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, বৈঠকে তার কাছে একেবারেই মনে হয়নি যে এটি প্রথম সাক্ষাৎ। প্রধানমন্ত্রীর আচরণ তাকে স্বাচ্ছন্দ্য দিয়েছে এবং তিনি তারেক রহমানকে অত্যন্ত ভালো ও বিনয়ী মানুষ হিসেবে উল্লেখ করেন।
দুই দেশের সম্পর্কের বিষয়ে ভারতীয় হাইকমিশনার জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান বিষয়গুলো নিয়ে দুই দেশের নেতৃত্বের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন। গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন ইস্যু থাকা স্বাভাবিক হলেও দুই দেশের মানুষের প্রত্যাশা মূলত একটি—ভালো সম্পর্ক।
তার মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক পরিস্থিতি তৈরি করবে। দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক এবং ভৌগোলিক নৈকট্যও এই সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি। দুই দেশ শুধু সীমান্ত ভাগ করে নেয় না, ভবিষ্যতের স্বপ্নও ভাগ করে নেয় বলে উল্লেখ করেন তিনি।
আগামী দিনের বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও আশাবাদ প্রকাশ করেন দীনেশ ত্রিবেদী। দুই দেশের মধ্যে যেসব বিষয় রয়েছে, সেগুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন বলে জানান তিনি। এ বিষয়ে তিনি আত্মবিশ্বাসী বলেও উল্লেখ করেন।
ভারতীয় হাইকমিশনার জানান, বৈঠকে তিনি প্রথমবারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এ জন্য দুই দেশের নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, এমন কোনো সমস্যা নেই যা দুই দেশ আলোচনার টেবিলে বসে সমাধান করতে পারবে না। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ভালো রাখার বিষয়টি ভারতের প্রধানমন্ত্রীর কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণেই তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন বলেও জানান ভারতীয় হাইকমিশনার।
এদিকে, ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী ইতিবাচক ইঙ্গিত দেন। তিনি জানান, বিষয়টি নিয়ে সবকিছুই ইতিবাচকভাবে এগোবে বলে তিনি আশা করছেন।
এসি//